মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

সাহর- শাহরিয়ার খান শিহাব

#পাঠপ্রতিক্রিয়া:

"বড় হুজুর বলেন, 'শয়তান কাউকে নিজের দলে আসতে বাধ্য করে না। করতে পারেও না, সেই ক্ষমতাও তার নাই। সে শুধু আহবান করে, ফুস-মন্ত্র দেয়, ওয়াসওয়াসা দেয় আর তাতেই যারা সাড়া দেয় তারা বিপথে যায়'।"

এই লেখা টুকু পড়েই মূলত "সাহর" পড়া এবং ভাল লাগা। লুতুপুতু, মাখো মাখো প্রেম কাহিনী যেমন টানে না, ঠিক তেমনই হালুম হুলুম হরর স্টোরিতে আরও মেজাজ বিগ্‌ড়ায়। লেখক খুব চমৎকার ভঙ্গিতে কাহিনী গুলো এগিয়ে নিয়ে গিয়েছেন, প্রথমে ভেবেছি এই বুঝি কানেক্ট করবেন, কিন্তু প্রতিটি ঘটনার প্রেক্ষাপট গুলোর দ্বারা মূলত অপশক্তির বিভিন্নরুপ তুলে ধরবার প্রয়াস।

ন্যারেটর "আকবর ফিদা"র বর্ণনায়, প্রোটাগনিস্ট বড় হুজুরের বয়ানে বিভীষিকাময় কাহিনীগুলোর রুপায়ন চমৎকারভাবেই অঙ্কিত। বোঝা যায়, ঘেঁটে লেখা। প্রশ্ন আসে, আমি কি বিশ্বাস করি এতে? উত্তর, হ্যাঁ করি। অন্যথায় আমার বিশ্বাসের গোড়াতেই গলদ হয়ে যাবে, যেহেতু বলা হয়েছে,

"ওয়ামা-খালাকতুল জিন্না ওয়াল ইনছা ইল্লা-লিইয়া'বুদূন।"- অর্থাৎ, আমি জ্বিন ও ইনসানকে কেবল আমার ইবাদতের জন্যে সৃষ্টি করেছি। (সুরা আয-যারিয়াত, ৫৬ নং আয়াত)

"যা দেখিনি তা বিশ্বাস করি না" এই মতবাদে আমি বিশ্বাসী নই। এতে জানার মাত্রা খুব সংকীর্ণ হয়ে যায়।

"সাহর" মানে কি?
নিজের উপর নিয়ন্ত্রণ না পাওয়া, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা, সাময়িকভাবে বিভ্রমে পতিত হওয়া। বইটি "ইফরিত" দিয়ে শুরু, "মারেদ" দ্বারা সমাপ্তি। আর সমাপ্তির রেখা টানার ভার লেখক সন্তর্পণে পাঠকদের উপরই ছেড়ে দিয়েছে। নিজ থেকেই জানতে চেয়েছি, ২য় পর্ব আসবে কি না! দেখা যাক!

বই থেকে.....

"প্রাচীন বিশ্বদর্শনে সবকিছুর শক্তি তার উৎপত্তিতে থাকে। তাই কোন বস্তু, প্রাণী কিংবা উদ্ভিদের উৎপত্তি জানা তাদের উপর একটি জাদুকরী ক্ষমতা অর্জনের সমতূল্য বলে বলা হয়ে থাকে। যেভাবে কোন কিছু তৈরি করা হয় তা সেই জিনিষটির প্রকৃতি। প্রকৃত বা উৎপত্তির উপর নিয়ন্ত্রণ লাভ করা গেলে, সম্পূর্ণর উপর নিয়ন্ত্রণ লাভ করা সম্ভব হয়। "

জ্বিন সম্পর্কিত বই পড়ার ইচ্ছে থাকলে এটাকে লিস্টে রাখা যায়।

##সাহিত্যানুশীলন 
-------------------------------------------------------------------------------

বই: সাহর
লেখক: শাহরিয়ার খান শিহাব
প্রকাশক: আফসার ব্রাদার্স
পৃষ্ঠা: ১৩৪
Goodreads rating: 4/5

শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

লোভ- জে. আলী

পাঠপ্রতিক্রিয়া:

কিছু গল্পে মাটির গন্ধ পাওয়া যায়, পাওয়া যায় গ্রাম বাংলার মানুষের কষ্ট মাখা হাসি-কান্না, বেদনায় আশ্রিত গাঁথা। কিছু লেখায় গ্রাম্য জীবন যেমন সরলতা ও আগ্রাসন এর উলঙ্গ বীজ নিয়ে জীবন্ত, শহুরে কোলাহল ঠিক তেমনই প্রতাপে তার কলুষিত, মারপ্যাঁচে সজীব। এই লেখা সবার হাতে, সবার কলমে ঠিকঠাক ফুটেও উঠে না।


লেখকের লেখায় এই স্বাদ ঠিক সব সময়ই পাওয়া যায়। এর ব্যাখ্যা হতে পারে, লেখকের খুব কাছ থেকে দুটি জীবনের বাস্তবতারই অভিজ্ঞতা অর্জন, পর্যবেক্ষণের সজাগ চোখ আর জ্ঞানের তৃঞ্চা থাকা।
ব্যক্তিগতভাবে খুব কাছের জন বলেই উনার লেখার সাথে পরিচিত আগের থেকেই। লেখা অতিসরলীকরন করার অভ্যাস উনার নেই অথচ প্রাণবন্ত থাকে একদম ঠিকঠাক। সাধারণের পরিচিত ভাষা অথচ গম্ভীর, তাৎপর্যপূর্ণ। পড়ার পর ভাবতে হয়।

"লোভ" সেইরম গুটি কয়েক ছোট গল্পের সংকলন।

যেখানে "লোভ" সেই সুদূর জমিদারদের ইতিহাস শোনায় তো, "বাশারের ভুল" ও "সরীসৃপ" ঘুরিয়ে নিয়ে আসে শহুরে দালানকোঠার ভীরে হারিয়ে যাওয়া মানবিকতার অভিশাপময় জীবন থেকে। দীর্ঘশ্বাসের ভিড়ে বাতাস যেখানে খুব ভারী।

"বিলাপ", "পরিমলের মাছ", "ময়দুল ও একটি সাপ" গ্রামীণ জীবনের করুন সুরে বাঁধা এমন কিছু দৃশ্যপট দেখায় যেখানে সরলতার দহন হয় প্রতিনিয়ত। খেটে খাওয়া মানুষেরা আসলে বঞ্চনার গ্লানি বয়ে বেড়ায় সব ক্ষেত্রেই, সব যুগেই। হোক সেটা শহর কী গ্রাম, হোক তা ইতিহাস কী বর্তমান!
"রায়" দেখায় পাপের ছায়া কী ভয়ংকর ভাবেই না আমাদের ঘিরে রাখে। আমি বিশ্বাস করি, যে পাপী সে প্রতিনিয়তই আসলে ভেতরে এক অজানা আশংকায় থাকে কম্পিত। আমরা তা দেখি না কিন্তু তার অন্তর্দাহ চলতেই থাকে।
আর "প্রতিমা" এক অমীমাংসিত প্রেমের গল্প। যেখানে শুধুই হাহাকারে উপসংহার ঘটে।


লেখকের লেখা ভালো লাগার অন্যতম কারণ এতে নিছক শুধু গল্পই থাকে না। বরং থাকে জীবনের গল্প, অভিজ্ঞতায় মোড়া নীতি আর ইতিহাসের উপস্থিতি। অজানা কিছু জানা যায়, শেখা যায়। লেখকের এক ব্যগ্রতার সাথে আমি পরিচিত খুব কাছ থেকেই, উনি জানাতে পচ্ছন্দ করেন, উনি শেখাতে চান নিজের যতটুকুই অর্জিত জ্ঞান আছে তা অকৃপণভাবে বিলিয়ে দিতে চান উনার শিক্ষার্থী, শিষ্যদের মাঝে। একসাথে চলতে চান জ্ঞানের পথ।
সেই পথের সঙ্গী আমিও হতে চাই প্রিয় শিক্ষক।

আজও মনে আছে ক্লাসের সেই কথা, আমার বই পড়ার অভ্যাসের কথা শুনে উচ্ছাস্বিত কন্ঠে বলেছিলেন,.... "যে বই পড়ে, আমার কাছে তার সাত খুন মাফ" । কী ভিষন আপন হয়ে গিয়েছিলেন স্যার ঠিক সেই দিন থেকেই, মনে হয়েছিল, যাক্, জীবনের এই বাঁকে এক পথপদর্শক পেলাম!


সুখপাঠ্য।

******************************************
বই: লোভ
লেখক: জে. আলী
প্রকাশক: কলী প্রকাশনী
পৃষ্ঠা: ১১২
রেটিং: ৩/৫

বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

তারাফুল - আব্দুল্লাহ মাহমুদ নজীব

পাঠ প্রতিক্রিয়া:

লেখকের চমৎকার গুণ হলো তার ভাষাশৈলী। কবিতার উপর নিখাদ ভালবাসা আর অনুরাগ থেকেই হয়তো মানবিক অনুভূতিগুলোর বয়ান, এতো শৈল্পিক ঢংয়ে পেশ করা সম্ভব। লেখকের লেখা এই প্রথম পড়া। যাপিত জীবনের, বিভিন্ন সময়ের ব্যক্ত অনুভূতিগুলোকে একত্রিত করে সংকলিত এই বই। যেখানে আত্মোপলব্ধি থেকে শুরু করে, বিভিন্ন ঘাত-প্রতিঘাত উত্তীর্ন হওয়া এবং সুন্দর কিছু নাসিহার সমাবেশ।


ভালবাসার পদ্মমূলে শুধুই সৃষ্টিকর্তার আসনকে অঙ্কিত করার প্রয়াস প্রশংসনীয়, সাথে উৎসাহমূলক বহু প্রেমিক সত্ত্বাদের জন্যে। নিজেরাই প্রশ্ন করবে, "নিখাদ ভালবাসা প্রকৃতপক্ষে কার জন্যে হওয়া উচিত।"

"কুমড়ো ফুলের ঘর" বুকের কোথায় যেন বেদনার এক সুর জাগিয়ে দিয়েছিল। নিজের ফুপুর কথা মনে পরেই হয়তো। 

"চলো, ফিরে যাই" বিশেষ করে অনুপ্রানিত করেছে। সত্যিই শৈশবের সারল্যকে ধারন করে রাখলে, বর্তমানের জটিল জীবনধারার মারপ্যাঁচকে খুব সহজেই বাগে আনা যায়। আমার নিজের এক স্মৃতি প্রায়ই কাঁদায় আমায় যখন ভাবি তেমন নিখাদ বিশ্বাস, ইয়াকিন, ঈমান কই হারালো আমার!

রমজানের সময় ছিল, আর আমি অনেক ছোট। মনে হয় ২/৩ তে পড়ি। আব্বাকে প্রতিদিন বলতাম তারাবিহ থেকে ফেরার পথে যেন আমার জন্যে হাজমোলা নিয়ে আসে। আব্বা প্রতিদিনই ভুলে যায়। ইফতারকে সামনে রেখে দুআ করলে তা কবুল হয় এটা আম্মুর কাছ থেকে জানার পর সেই বিশ্বাসে ইফতারিতে সেদিন আল্লাহর কাছে বলি, "আল্লাহ আজকে আব্বা যেন আমার জন্যে হাজমোলা নিয়ে আসে"। সেদিন আর আব্বাকে মনে করিয়েও দেই নি। সুবহানাল্লাহ, আব্বা সেদিন নিয়ে আসে, আমি না বলা সত্ত্বেও। আমার সে কি আনন্দ, হাজমোলা পেয়ে যতটা নাহ, দোয়া এইভাবে কবুল হয়ে এটা ভেবেই। তারপর কত জল গড়ালো! নিজের বিশ্বাসের আয়নায় জাগতিক মোহে ধুলোর আস্তরণ পরতে রইল।


আজও কষ্ট হয়, আল্লাহর কাছে চাই আমার শৈশবের সেই হারিয়ে যাওয়া ইয়াকিন, বিশ্বাস আল্লাহপাক আবার জীবন্ত করে দিক, আমীন।

সুখপাঠ্য।

*******************************************

বই: তারাফুল
লেখক: আব্দুল্লাহ মাহমুদ নজীব
প্রকাশক: সমকালীন প্রকাশন
পৃষ্ঠা:১৪৯
Goodreads ratings: 4/5

















সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

নূর- লতিফুল ইসলাম শিবলী

পাঠ প্রতিক্রিয়া :

নূর- লতিফুল ইসলাম শিবলী

১৩৯ পৃষ্ঠার বইয়ের অল্প কথায় বিশাল এক ইতিহাসের মূলপাদ্য রচনা, সাথে সুক্ষ্ম মানবিক গুণগুলি নিয়ে বিশ্লেষণ, লেখকের মুন্সীয়ানার পরিচয় দেয়। ফকির-সন্ন্যাসী আন্দোলনের ধারাপাতে কত শত মর্মবেদনার কাহিনী ইতিহাসের ধুলোয় মিশে আছে তা অনুধাবন করাও কঠিন, বর্তমান এই প্রহেলিকাময় মৃত সমাজে।

 
কাহিনীতে উঠে আসে পলাশী যুদ্ধের পরবর্তী তিন দশকের ইতিহাসে অন্যায়ের বিরুদ্ধে, এক দীপ্তমূর্তি "ফকির মজনু শাহ", এক মহান সুফি সাধক। তাঁর সুদৃঢ় ইমানী জজবা, অন্যায়ের বিরুদ্ধে সমগ্র হিন্দু-মুসলিম অধিকার বঞ্চিত মূলত কৃষক মজলুমদের সংগঠিত করে এক চাদরের নিচে। ঐক্যবদ্ধ হয় হিন্দু সন্ন্যাসী ও ফকির দরবেশ।

বাংলাতে "ফকির-সন্ন্যাসী বিদ্রোহ" ( ১৭৬০-১৮০০ ) যেখানে নির্যাতিত কৃষক, গরীব হিন্দু মুসলিম শাসকদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়। ইতিহাসবিদদের মতে বিদেশি বৃটিশ শাসকদের বিরুদ্ধে এই বিদ্রোহ, বৃটিশ বিরোধী আন্দোলনের সূচনাস্থল।

বই থেকে কিছু ভাললাগা শব্দমালার উদ্ধৃত:

- "আমরা আমাদের মৃত্যুকে শ্বাস-প্রশ্বাসের হাতে তুলে দেইনি বরং আমরা আমাদের মৃত্যুকে তুলে দিয়েছি আল্লাহর হাতে। নি:শ্বাস বন্ধ হলে তোমার মৃত্যু হবে কিন্তু আল্লাহর হাতে তুলে দেয়া জীবন প্রবেশ করবে সসীম জীবন থেকে অসীম জীবনে। যারা মনে করে শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়াটাই মৃত্যুর কারণ, শুধু তাদেরই মৃত্যু হবে।..."

- "দানব দেখতে চোখ লাগে, মানুষ দেখতে লাগে অন্তর"।


- "মানুষ ভুল করে অনেক কিছুর ভুল নাম দেয়, মানুষ যেটাকে ভালোবাসা বলে সেটা আসলে- মায়া"।
অবশ্য পাঠ্য।


সুখপাঠ্য।


#সাহিত্যানুশীলন
**************
বই: নূর
লেখক: লতিফুল ইসলাম শিবলী Latiful Islam Shibli
প্রকাশক: নালন্দা
Goodreads rating: 4/5
***************

মুক্ত বাতাসের খোঁজে

পাঠ প্রতিক্রিয়া:

মুক্ত বাতাসের খোঁজে
মূল- লস্ট মডেস্টি

আমরা খুব অসুস্থ সমাজে ইতোমধ্যেই আছি আর সন্তানদের জন্যে অজান্তেই, আরও জঘন্য সমাজ তৈরী করে যাচ্ছি প্রতিনিয়ত।

"পর্ণ আ্যডিকশন" মূলত সাবজেক্ট। বইতে উল্লেখিত রেফারেন্সগুলো রীতিমতোন কাঁপিয়ে দেয় ভয়ে। পর্ন সাইট ঘাঁটে, এমন প্রতি ১০ জনের মধ্যে ১ জনের বয়স দশ বছরের নিচে! এর বেশি বোঝার আর কিছু লাগে না।


শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রীক শিক্ষাব্যবস্থা জড়পদার্থ প্রোডিউস করে বলছি কিন্তু সাধারণ বোর্ডের, ইংলিশ মিডিয়াম আ্যন্ড অল কী তৈরী করে চলছে তা খুব ঠান্ডা মাথায় ভাববার এখনই সময়। যদিও অনেক দেরী হয়েই গিয়েছে।

আমরা সমাজ নোংরা হবার ফ্যাক্টরগুলো জানি কিন্তু সন্তর্পণে তা এড়িয়ে কাঠগড়ায় দাঁড় করাই যারা এর শিকার!

বইটি লস্ট মডেস্টি প্রোজেক্টের। ফ্রি পিডিএফ এ্যাভেইলেবেল। বই পড়া ধৈর্য্যে না কুলালে অন্তত রেফারেন্সগুলোতে চোখ বুলালেও আশা করি ভয়াবহতা টের পাওয়া যাবে।





#সাহিত্যানুশীলন
****************
বই: মুক্ত বাতাসের খোঁজে
লস্ট মডেস্টি Lost Modesty
প্রকাশনা: ইলমহাউস পাবলিকেশন
Goodreads rating: 5/5
পৃষ্ঠা : ২২৭
*****************

বিখন্ডিত- রবিন জামান খান

পাঠ প্রতিক্রিয়া:

কাহিনীতে চমক ছিল। মোড় ঘুরিয়ে ঘটনাচক্রের বেগ, সাসপেন্স ধরে রাখার মতন।
কিন্তু বেশি কথা বলা হয়ত একটু উনার স্টাইল, যা না আ্যড করলেও হয়। মনে হয় পরিসর ইচ্ছাকৃতভাবে টেনে বাড়ানো হচ্ছে। "ব্ল্যাকবুদ্ধা" পড়ে তাই মনে হয়েছিল।



এই ডার্ক ওয়েব, বিশেষ করে "ওকাল্ট" টাইপস উপাদান বাংলাদেশের লেখকদের কলমে উঠে আসাটা বহু ক্রাইম থ্রিলার প্রেমীদের এক প্রকার স্বপ্নপূরণ। যদিও এর সাথে বিরাট দায়িত্ব কাঁধে পরে। কেননা এই ধাঁচের এক্সপেরিমেন্ট অনেক সময়ই আবেদন হারায় যদি ঠিক পেইস মেইনটেইন না করা হয়। এই ক্ষেত্রে এই লেখকের উপর আস্থা আছে, কেননা লেখার পাশাপাশি প্রচুর পড়ার অভ্যাস উনার। যা প্রশংসনীয় একবাক্যে।

"প্রফেসর জ্যাক" কে এই গল্পের মাধ্যমে চেনা। "শব্দজাল" পড়া হয়নি।
পরিশেষে,
উত্তেজনাপূর্ন পাঠ্য, সুখপাঠ্য।

#সাহিত্যানুশীলন
*************
বই: বিখন্ডিত
লেখক: রবিন জামান খান
প্রকাশনা: নালন্দা
পৃষ্ঠা :৩৬৮
Goodreads rating: 4/5

শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

আউরা- কার্লোস ফুয়েন্তেস

পাঠ প্রতিক্রিয়া :
--------------
কার্লোস ফুয়েন্তেস
জন্ম: ১১ই নভেম্বর, ১৯২৮ (পানামা সিটি, পানামা)
মৃত্যু: ১৫ই মে, ২০১২ (মেক্সিকো সিটি, মেক্সিকো)

--------------

লাতিন সাহিত্যের একজন কিংবদন্তি কার্লোস ফুয়েন্তেস। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর বন্ধু।
"আউরা" প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৬১ সালে, এবং সেই থেকেই একটি স্থায়ী অসাধারণ অবদান হিসাবে মননিত।
"আউরা" উপন্যাসটি ফেলিপে মনতেরো আর ১০৯ বছরের বৃদ্ধা কনসুয়েলোর, যিনি তার স্বামীর স্মৃতিকাহিনী সম্পাদনার জন্যে কাউকে খুঁজছিলেন। কিন্তু শর্ত জুড়েছিলেন, বৃদ্ধার বাড়িতে থেকেই কাজ করে যেতে হবে।

লেখক আধুনিকতার সাথে ক্লান্তিপূর্ণ পুরোনো জগতের মধ্যে মেশানো রহস্যময় ধাঁধা রেখে দিয়েছেন। চমৎকার লেখার সাথে মহাকালের ঘোরের মিশেল পাঠকদের বাধ্য করে ডুবে যেতে সেই বিভ্রান্তে।
.......
"...তুমি তাই আর ঘড়ির দিকে তাকাও না। এই অপ্রয়োজনীয় জিনিসটা শুধু মানুষের অহমিকা প্রকাশ করার জন্যে ক্লান্তিহীনভাবে সময় মেপে যাচ্ছে।..... প্রকৃত সময় তো আসলে মরণশীল, যার কাজ হলো ক্ষিপ্রগতিতে ছুটে চলা, একে পরিমাপ করা কোনো ঘড়ির পক্ষেই সম্ভব নয়। এক জীবন, এক শতাব্দী, পঞ্চাশ বছর: অর্থাৎ ওই বানোয়াট মাপকাঠি দিয়ে তুমি আসল সময়কে কখনো কল্পনাও করতে পারবেনা। সময় নামে ঐ অশীরীরী ধূলিকণা তুমি হাত দিয়ে কোনো দিন ধরেও রাখতে পারবে না।"

অনুবাদক আলীম আজিজকে ধন্যবাদ। "আউরা" পড়ার পর বোঝা যায় অনুবাদকের সেই অস্থিরতা "আউরা"কে ঘিরে। আমারও বলতে ইচ্ছে করে ফুয়েন্তেসের মতন..

"-অথচ কিছু অবশ্যম্ভাবী শব্দ আছে, যা শোনা না গেলেও তাদের অস্তিত্ব অনুভব করা যায়।"

বইয়ের শেষে লেখকের উত্তর-কথন সংযোজিত, যা রীতিমতোন আরেক অধ্যায়। সেখানে লেখকের মনস্তত্ত্ব পুরোপুরি উপলব্ধ না হলেও একটা সুক্ষ্ম ধারনা পাওয়া যায়, হেয়ালির আড়ালে তার ইন্দ্রিয়ানুভূতির গভীরতা।
 
-".. তুমি তোমার অন্য অর্ধেককে খুঁজছো, যে দ্বিতীয় সত্তার জন্ম হয়েছে গত রাতের ওই নিস্ফলা কল্পনার গর্ভে।"

সুখ পাঠ্য।
***************
বই: আউরা (Aura)
লেখক: কার্লোস ফুয়েন্তেস
অনুবাদক: আলীম আজিজ
প্রকাশক: প্রথমা
****************
#বইপরিচিতি #bookreview #bookworm #aura #CarlosFuentes #latinliterature


মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

অন্তিম- লতিফুল ইসলাম শিবলী

পাঠ প্রতিক্রিয়া:

"প্রকাশ্য যুদ্ধের আগে এখন এই গোপন যুদ্ধটাই-

The Beginning of the End."..........

-------------
আমি রীতিমতোন বলা চলে গুণমুগ্ধ পাঠক হয়ে পড়েছি লেখকের। "দারবিশ" ছিল উনাকে লেখক হিসেবে জানার প্রথম ধাপ, "আসমান" দ্বিতীয়।

ধর্মকে প্রচলিত ধারার বাইরে গিয়ে অনুধাবণ করার যে প্র‍য়াস উনার কলমে উঠে আসছে, তাতে বরকত বারুক এই দোয়া।

AI, মিডিয়ার জগতে ম্যানুপুলেটেড চিন্তাধারা নিয়ে আমরা এতটাই অন্ধ যে ভাল-মন্দের বিচারের বোধ কখন হারিয়েছে সেটাও অজ্ঞাত।

"The fiction based on fact"
টপিকটাই এমন যে আমাদের গতানুগতিক চিন্তার, চলনের বাইরে মনে হয় বিধায়, আমরা এর একটা এলিট নাম দেই, "Conspiracy theory"! আসলেই কী তাই!!

লেখার গাথুনি, গতি অসাধারণ। খুব সেনসিটিভ অথচ অনেক সহজ, তথ্য সমৃদ্ধ লেখা। উনি এমন সব সেনসিটিভ বিষয়গুলোতে আলোকপাত করছেন, যেখানে অনেকেই বর্তমান সো কলড "প্রগতিশীল" সমাজে জাত যাবার ভয়ে ধারের কাছেও ঘেঁষে না।

"ইমাম ইউসুফ মাহমুদের" মতন হবার স্বাদ জাগে। কেননা কোথায় যেন নিজের জীবনের মিল খুঁজে পাই।


বইয়ের খানিক অংশ...

"ইমাম স্মিত হেসে বললেন-
নবী (সা:) এর অবমাননা হলে মুসলিমরা জীবন দেয়। কিন্তু নবীর কথা বিশ্বাস করে না। মুসলিমরা পারমানবিক যুদ্ধ বোঝে, তৃতীয় বিশ্বযুদ্ধ বোঝে। কিন্তু নবী (সা:) এর বলা "মালহামা" বোঝে না। মুসলিমরা অবৈধ নবীন রাস্ট্র ইজরাইলের শক্তিমত্তা, বিশ্ব রাজনীতিতে তার প্রভাব এবং গুরুত্ব ঠিকই বোঝে। কিন্তু বোঝেনা সাড়ে চৌদ্দশ বছর আগে নবী (সা:) এর ভবিষ্যৎবাণীর মর্ম -

"কেয়ামতের আগে মদিনার গুরুত্ব কমে যাবে। জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে"।
- (আবু-দাউদ)

আমাদের জানা আর বিশ্বাসের মধ্যে বিস্তর ব্যবধান। আমরা জানি কিন্তু বিশ্বাস করি না, আমাদের জীবনযাত্রা বিশ্বাসের অনুগামী নয়। কিন্তু অন্যরা যা বিশ্বাস করে সেই অনুযায়ী জীবনযাপন করে বলেই লিডারশীপ তাদের হাতে।"................


অবশ্য পাঠ্য।

#সাহিত্যানুশীলন

*************


বই: অন্তিম
লেখক: লতিফুল ইসলাম শিবলী
প্রকাশক: নালন্দা
Goodreads rating: 4/5
************
#বইপরিচিতি #bookreview #bookworm #অন্তিম #পাঠপ্রতিক্রিয়া #বাংলাসাহিত্য

মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

অল্প কিছু আলো-দেবেশ রায়

#পাঠপ্রতিক্রিয়া

অল্প কিছু আলো-দেবেশ রায়
"আমাদের ভালো থাকা নিয়ে বলা কথা"
------------
দেশভাগোত্তর বাংলা কথাসাহিত্যে কিংবদন্তিতূল্য একজন, পশ্চিম বঙ্গের দেবেশ রায়।
এই প্রবন্ধ গ্রন্থে দেবেশ রায় কথা পেড়েছেন অনেক বিষয়েই। আমাদের ভালো থাকা নিয়ে, কখনওবা খুব মশকরার ছলে 'আমরা যে আসলে ভালো নেই' বা পৃথিবী নামক রঙ্গমঞ্চে ভালো থাকার অভিনয় সং সেজে করে যাই, তারই চিত্রায়ণ করেছেন।


৬০ এর দশকে, "কী বলবো" আর "কীভাবে বলবো" নিয়ে এক তর্ক উঠে। দেবেশ রায়, "কীভাবে বলবো" এই শর্ত মাথায় নিয়েই হয়ত স্টাইলে এতো ভিন্নতা নিয়ে খেলেছেন। শব্দ, বাক্যগঠনে ভাষাকে যে ভারে ভারী করেছেন, আমার কতক জায়গায় দু'তিন বার পড়তে হয়েছে এর গুরার্থ উদ্ধার করতে।
তারই সমসাময়িক এই বাংলার কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তাই বলেছেন....
"ভাবনার চিত্রণ, অনুভবের চিত্রণ, উপলব্ধির চিত্রণ, বোধের চিত্রণ! এত দায় কি ভাষা নিতে পারবে? ভাষাকে দিয়েই তিনি এই অসাধ্য সাধন করিয়ে নেবার চেষ্টার করেন।.....

.....লেখকজীবনে দেবেশ যতই এগোচ্ছেন ততই তাঁর লেখা ঘোর জটিল হয়ে উঠছে। সরল বাক্যও তাঁর সহজতার সীমানা পার হয়ে প্রায় অবোধ্য একটা জটিলতার দিকে চলে যাচ্ছে। কখনো কখনো মনে হয় দেবেশ রায়ের একে একটি বাক্য যা ধরতে পারে, তার অতিরিক্ত ভার নিয়ে অনেক সময় টলমল করতে থাকে। আমার নিজের ধারণা, এটাকেই হয়তো আয়েশি পাঠক ভারাক্লিষ্টতা বলে মনে করে।"

"সামান্য অমান্যতা"য় তার হাসান ভাইয়ের উদ্দেশ্যে চিঠিও ছিল। "নামায আমার আদায় হইল না" এ ব্যক্ত ছিল "সেলিম আল দীন"কে হারাবার বেদনা।
"আধুনিকতা, আমাদের আধুনিকতা ও অন্য আধুনিকতা" প্রবন্ধে পোষ্টমর্ডানিজমকে নিয়ে ছিল প্রশ্ন।

... "আধুনিকতার পরের যে নতুন আধুনিকতার কথা আমি ভাবছি- তা কোন খোঁড়া তত্ত্ব নয়, তা কেন্দ্রিকতাকে অস্বীকার করা এক পরিধিকে সত্য করে তোলার সক্রিয়তা। কেন্দ্রহীন পরিধি- এমন কল্পনার মধ্যে স্ববিরোধীতা আছে। সেই স্ববিরোধী দ্বন্দ্বকেই আমি খুঁজছি। আমাদের এই এখনকার, এই বর্তমানের দ্বান্দ্বিকতা।"

সুখ পাঠ্য।

#সাহিত্যানুশীলন

**************
বই: অল্প কিছু আলো
লেখক: দেবেশ রায়
প্রকাশনা: অভিযান পাবলিশার্স
**************


বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

নরকে এক ঋতু- র‍্যাঁবো

নরকে এক ঋতু (Une saison enfer)

-অনুবাদ: লোকনাথ ভট্টাচার্য


৩৭ বছর জীবনে কবিত্ত্বের সময় মাত্র পাঁচ বছর। আর তাতেই দাপটে প্রশ্ন করে গিয়েছেন, প্রশ্ন রেখে গিয়েছেন গভীর জীবনবোধের সব প্রহেলিকার।

উনিশ শতকের কবিদের মধ্যে যারা এই একবিংশতেও সাড়া জাগান দোর্দন্ডপ্রতাপে, তাদেরই একজন এই ফরাসী কবি "জাঁ আর্তুর র‍্যাঁবো"। "নরকে এক ঋতু" একমাত্র কবিতার বই, সাতটি অধ্যায় নিয়ে।



সাহিত্যের এই বিচিত্র শাখা "কবিতা"য় আমার অক্ষরজ্ঞান খুবই নগন্য। শশুড়বাবার পাঠাগারে ঘুরপাকের ফলেই হয়তবা আগ্রহ জমতে শুরু হচ্ছে।

র‍্যাঁবোর স্বল্প পরিসরের জীবনে মাত্র ১৪ বছরে কবিতার শুরু যার সমাপ্তি ২০ গিয়ে। আমার আকর্ষনের হেতু হয়তবা এটাই, যে সেই অল্প বয়সেই কলমের ধারে উঠে এসেছে বিদ্রোহ, বিপ্লব, সামাজিক সংস্কৃতি, আচারের উপর ছুঁড়ে দেয়া প্রশ্ন, অথচ লেখনীতে পরিপক্কতা। কোন উদ্ধত নাস্তিকের প্রশ্ন নয় বরং এ যেন নিজেকেই বার বার দহনে জালিয়ে ফিনিক্স পাখি হবার প্রয়াস।
"পবিত্রতা!
জাগরণের এই ক্ষণটিই আমাকে দেখালো সেই পবিত্রতার আলো- আত্মাই মানুষকে টানে ঈশ্বরের পথে!..
কী মর্মভেদী দুর্ভাগ্য!"

অবশেষে....
"এই মনোহর মজুরগণের তরে,
ব্যাবিলনিয়ার অধীশ্বরের দাস হয়ে থাকে যারা।

ভেনাস, তোমার অনুরাগীদের ত্যাগ করো ক্ষণতরে।
যাদের হৃদয় চেনে নি কিছুই মুকুট ছাড়া।"



#সাহিত্যানুশীলন


*****************
বই: নরকে এক ঋতু

লেখক: র‍্যাঁবো (Jha Artur Rabo)

অনুবাদক: লোকনাথ ভট্টাচার্য

প্রকাশক: সঞ্জয় সামন্ত, এবং মুশায়েরা (কলকাতা)
****************

বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

আল্লামা ইকবালের মেটাফিজিকস


ইকবালের আধ্যাত্মবাদ

প্রতীচ্য ও প্রাচ্য, প্রাচীন ও সাম্প্রতিক, অতীন্দ্রিয় ও ইন্দ্রিয়বাদী জ্ঞানের সম্মিলনস্থল হিসেবে আল্লামা ইকবালকে পাঠ করার যে প্রয়োজনীয়তা আমাদের জ্ঞানতত্ত্বে তীব্র হচ্ছে, এ বই সে প্রয়োজনীয়তার প্রতি একটি বৈপ্লবিক পদক্ষেপ।

লেখক ইকবালের দর্শনের অধিবিদ্যা নিয়ে যে আলোচনা এবং উপস্থাপনা তাই নিয়েই ঘেঁটেছেন, যা মূলত তার "Metaphysics in Persia" & "Reconstruction of religious thoughts in Islam" বইকেই ভিত্তি বানিয়ে উপস্থাপন করা। 

ইকবাল বার্গস, নিটশে, ম্যাকটাগার্টকে অধ্যয়ন করে মূলত আত্মার প্রকৃতি ও ইচ্ছাশক্তি মূল ধরে অনুপ্রাণিত হয়েছে চিন্তার ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণ তৃপ্ত হতে পারেন নি। ইকবাল স্রষ্টার জ্ঞান, আত্মার জ্ঞান ও অমরত্বের জ্ঞানকে দৃঢ়তার সাথে সামনে নিয়ে এসেছেন প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শনের সাথে তুলনামূলক আলোচনার মাধ্যমে। 

ব্যক্তিগত মতামত, অনুবাদের সময় স্বাভাবিকভাবেই মূল কিছুটা ব্যহত হয়, তা মাথায় রেখেই হয়ত শব্দচয়ন, উপস্থাপনে আরও কিছুটা পারদর্শিতা দেখানো যেত। যেহেতু লেখক এতে আল্লামা ইকবাল ও অন্যান্য দার্শনিকদের তুলনামূলক আলোচনা সংক্ষেপে তুলে ধরেছেন, এবং বইয়ের শেষে পাদটীকায় ইকবাল ও অন্যান্য বইয়ের তালিকা সংযুক্ত করে দিয়েছেন, আশা করা যায় অনুসন্ধিৎসু পাঠক সেখান থেকে গভীর জ্ঞান আহরনের রসদ পাবে। 

আমার স্বল্প জ্ঞানের দ্বারা এই কথার মর্মকে পুরোপুরি বিশ্বাস করি.....

"চিন্তার দ্বারা অর্জিত সকল জ্ঞানই আপেক্ষিক। আবার এটা কেবল আভাসও বটে। কিন্তু স্বজ্ঞার দ্বারা হৃদয়ে উদিত জ্ঞান দিয়ে আমরা পরম পর্যন্ত পৌঁছতে পারি।"


#সাহিত্যানুশীলন

***********************************
বই: আল্লামা ইকবালের মেটাফিজিকস
লেখক: ড. ইশরাত হাসান ইনভার
অনুবাদ: মোহাম্মদ ফজলে রাব্বি
প্রকাশক: আদর্শ (২০২২)
Goodreads: 4/5 
***********************************

মসলার যুদ্ধ....

#সাহিত্যানুশীলন

#পাঠপ্রতিক্রিয়া

মসলার লোভে ইউরোপীয় শক্তির অভ্যূত্থান। এরপর উপনিবেশ স্থাপনের রক্তাক্ত নীল নকশা।
"মসলার যুদ্ধ", সত্যেন সেন এর লেখা ক্ষুদ্র পরিসরের এক ইতিহাস, যার হাত ধরে উপনিবেশবাদ, ক্রুসেডের বিষ, দেশীয় শক্তি, স্বাধীনতা সংগ্রাম এর বীজ বোঝা যায়।

কিছু উদ্ধৃতি তুলে ধরলাম....

"আন্তর্জাতিক আইন? সে তো ইউরোপের জাতিগুলোর নিজেদের ভেতরকার ব্যাপার। লন্ডন বা প্যারিসে যা বর্বরতা বলে আখ্যা পায়, পিকিং এর বুকে তাকেই সভ্যজনোচিত আচার বলে ব্যাখা করা যেতে পারে।"
--------------
"গোয়া দখল করবার পর অ্যালবুকার্ক পর্তুগাল-রাজ ডোম ম্যানুয়েলের কাছে এ সম্পর্কে যে সংবাদ পাঠিয়েছিলেন, তা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি লিখেছিলেন...
'গোয়ায় যে সমস্ত আরবীয় ছিল, আমরা তাদের সবাইকে হত্যা করেছি, আমাদের হাতে কেউ রেহাই পায়নি। আমরা তাদের মসজিদের মধ্যে আটকে রেখে, শেষে সেই মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি।'............"

--------------
"মানবতাবিরোধী অতি জঘন্য কাজের সাথে যদি কোনোমতে ধর্মকে সংশ্লিষ্ট করে রাখা যায়, তবে তার সব দোষ কেটে যায়। শুধু দোষ কেটে যাওয়াই নয়, সময় সময় তা অতি মহৎ ও পবিত্র কাজ বলেও কীর্তিত হয়ে থাকে।"

---------------
"এই সমাজের এই তো রীতি। যারা উৎপাদন করে, অভার ও অনশন তাদেরই প্রাপ্য। আর তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে দমন-নীতির হিংস্র আক্রমণ তাদের উপরেই নেমে আসে। যুগ যুগ ধরে এই রীতিই চলে আসছে। আজও কি চলছে না?"
----------------
"এই মসলার যুদ্ধ রক্তাক্ত, হিংস্র, বীভৎস! আবার এই মসলার যুদ্ধ প্রাচ্যের পরিবর্তনহীন পশ্চাৎমুখী সমাজের সামনে বৃহৎ বিশ্বের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। বদ্ধ জীবনের উপরে দুরন্ত ঝটিকার আলোঢ়ন জাগিয়েছে, প্রচন্ড অত্যাচারের শক্তি স্বপ্ন-দেখা ঘুমন্ত মানুষকে চুলের ঝুঁটি ধরে টেনে তুলেছে!
ওটাও সত্য! এটাও সত্য! কোনটাই মিথ্যা নয়।"
________________________________
বই: মসলার যুদ্ধ
লেখক: সত্যেন সেন
________________________________
#bookreview #bengaliliterature #বাংলাসাহিত্য #সত্যেনসেন #মসলারযুদ্ধ #history #indianhistory #colonialism

রবিবার, ২ জানুয়ারি, ২০২২

Silence


Silence has its own burden of weight, which perhaps we can feel with a deep sense of admiration. It requires deep acknowledgement that you can see it with bare eyes, you can hear silence even you can touch silence.


Social manifesto has its loud sounds that shook the core of the Autocratic system where freedom can have its form, its agenda, its narrative. Silence gives it a form, word, place. You can feel it, you can touch it, you can move by it.


While standing in front of magnificent nature, silence can take you there where your inner self will feel the urge to combine your presence with the very nature to where your soul belongs to. Your inner anarchic and chaotic noise will have a form with the intervention of silence.

With silence, you will not feel like having a thousand words to describe your inner sensation.

It says that a singer, an artist needs to understand to hear the silence of the body, the silence of nature, those who can not sense it, can never be a true artist. A writer leaves a profound state of contemplation at end of his words with the hands of silence. You need to be silent to touch the silence. When it was time to say the last goodbye to your lover, you touch those hands, yet you touch that silence.


Our Space in and itself is the greatest epic of the silence.

বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

শেষ পান্ডুলিপি - নজরুল ইসলাম


"নিয়তিতে বিশ্বাস করেন?"

"একটি খুনের নেপথ্যে" দিয়ে লেখকের সাথে পরিচয় এবং ভাল লাগা। থ্রিলার ঘরানার ছিল। "শেষ পান্ডুলিপি" ভাল লাগা বাড়িয়েছে।

লেখকের লেখা সাবলীল, চরিত্রগুলির অঙ্কন দারুন। বই পড়ে যদি সময়, চরিত্রগুলিকে চোখের মাঝে ভেসে বেড়াতে না দেখি, তবে বই আলগোছে সরিয়ে রেখে দেই। কিন্তু এই লেখক ধরে রাখতে পারেন, তার সহজ লেখার ধারায়।

থ্রিলার ঘরানায় লিখতে গেলে খেয়াল রাখতে হয়, পাঠক খুব দ্রুত ইন্টারেস্ট হারায়, শুধুমাত্র "পরের পৃষ্ঠায় কি আছে" এই প্রশ্নটির অ্যাবসেন্স এর জন্যে। কিন্তু লেখক সেটা খুব চমৎকারভাবেই বজায় রেখেছিলেন।

লাইব্রেরীতে চেনা লেখকের বইটি হাতে নিয়ে যখন "প্রারম্ভ" অধ্যায়টি এক নি:শ্বাসে পড়ে ফেলি, তখন কিছুক্ষণ বুকে ব্যথা করছিল। তারপরই বই ব্যাগে গুজে বের হয়ে সোজা বাসায়।


কাহিনীতে দেখা যায়, এক লেখক, "নওরোজ মোস্তফা", বহু বছর পর এমন এক শহরে ফিরে আসেন, তার অতীত জীবনের এমন এক অধ্যায়ের উপর থেকে পর্দা তুলতে, যা পরিস্কার না হলে তার বায়োগ্রাফি অসম্পূর্ণই থেকে যাবে। সেই ভয়ংকর সত্যটির খোঁজে একের পর এক দৃশ্য, চরিত্রের আগমন। "নওরোজ মোস্তফার" অতীতের পঁয়ত্রিশ বছর ধরে জমে রাখা রহস্যের উপর থেকে ধুলোর স্তুপ সরতে থাকে, সত্য মিথ্যে হয়ে যায়, আর মিথ্যে হয়ে যায় ভয়ংকর সত্য।

শেষের ক্লাইমেক্স আসলেই দূর্দান্ত। "প্রারম্ভ" পড়ে যেমন বুকে ব্যথা করছিল, ঠিক তেমনি "শেষ অধ্যায়" মুখে একটা তৃপ্তির হাসিও দিয়েছে।

সুখপাঠ্য।

*লেখককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ, "তিলোত্তমা" আমাদের বাড়ির নাম, (আপনাকে আমন্ত্রন), আমাদের "মা" এর নামানুযায়ী।

************************************************************

বই: শেষ পান্ডুলিপি
লেখক: নজরুল ইসলাম
রেটিং ৫/৫



‍#সাহিত্যানুশীলন

মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

যে শহরে গল্প লেখা বারণ - মোহাইমিনুল ইসলাম বাপ্পী

লেখকের প্রথম উপন্যাস। প্রথম উপন্যাস হিসেবে যা দেখিয়েছেন, নি:সন্দেহে প্রশংসনীয়। 

কোন এলেবেলে কনসেপ্ট নয় একদমই, দারুন উপস্থাপনা, সাবলীল লেখনীর ছাঁচে লেখকের কল্পনার জগৎটা ভাল লেগেছে।

আর সাইকোলজিক্যাল থ্রিলার এমনিতেই আমার পচ্ছন্দের একটি ঘরানা। কাজেই বইটি পড়তে গিয়ে বিন্দুমাত্র বিরক্তির আভাসও আসেনি। সুখপাঠ্য ছিল।


১৪৪ পাতার বইতে শেষের দিকে ক্লাইমেক্স এর উপর ক্লাইমেক্স। ছোট্ট একটি মফস্বল শহর, যেখানে ছোট অপরাধগুলোই নামমাত্র হয়, সেখানে খুন-খারাপি কিংবা ডাকাতির মতন ঘটনা অসম্ভব ধরনের। গল্প সেই শহরের, সেই শহরের বাসিন্দাদের। একটি বিনোদনমূলক পত্রিকা বের হয়, "গল্প হলেও সত্যি", কাল্পনিক অপরাধের গল্পগুলো গায়ে কাঁটা দেবার মতন, কিন্ত তা ভয়াবহতার পর্যায় পৌঁছোয় যখন তা বাস্তবে রুপ নিতে থাকে।

নিছোক বিনোদন, বাস্তব হয়ে দাঁড়ায়।

"মানুষের মধ্যে অন্যের ক্ষতি দেখার একটা প্রবণতা আছে, সীমিত পর্যায়ে। প্রবণতাটা মাত্রা ছাড়িয়ে বেশি হয়ে গেলে তাকে বলে স্যাডিস্টিক পার্সোনালিটি ডিজর্ডার"।

আমাদের সমাজের মানুষগুলোর মধ্যে কি এর সংখ্যা বেড়েই চলছে!

"সুপারহিরো চরিত্র ভাবায় আমাদের, কিন্তু এই চরিত্রগুলোর কি কাজ যদি সুপারভিলেনই না থাকে। এভরি পজিটিভ এনার্জি এক্সপেক্টস নেগেটিভিটি।"

সুখপাঠ্য।

*********************************************************************************

বই: যে শহরে গল্প লেখা বারণ
লেখক: মোহাইমিনুল ইসলাম বাপ্পী
প্রকাশনী: বাতিঘর
রেটিং: ৪/৫

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

সূর্যতামসী - কৌশিক মজুমদার

পাঠ প্রতিক্রিয়াঃ


সূর্যতামসী - কৌশিক মজুমদার


ভাল লেগেছে, এই ফ্ল্যাশব্যাকের চিত্রগুলি এক অন্যরকম থ্রিলিংস এর স্বাদ দিয়েছে। পেলাম উনিশ শতকের কলকাতার চিত্র, যেখানে খুন, সোনাগাছি, ম্যাজিক, পাগলাগারদের হাহাকার, ব্রিটিশরাজ, সাইকোলজি থেকে শুরু করে, আছে প্রাচীন হিংস্র চাইনিজ গুপ্তহত্যার কাহিনী, এমনকি ফ্রিম্যাসনও।



পাগলদের চিকিৎসা নিয়ে সেই উনিশ শতকে কি ভাবা হতো, কেমন করে চেষ্টা করা হতো তাদের সুস্থ করবার তার একটা চিত্র লেখক ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে। বিজ্ঞানে অনেক কিছু সহজ করে পাবার জন্যে কি ভয়ংকর এক্সপেরিমেন্টের ভেতর দিয়েও আমাদের যেতে হয় তার একটা ছোট্ট গল্প। দুই যুগের দুই গোয়েন্দাদারের দাস্তান, সাথে পুলিশ ভাইরাও আছেন। এইরম আরোও কিছু সময়ের কাহিনী সমন্বয় এই বই।

অতীত, বর্তমানের ঘটনাগুলো প্যারালালভাবে চলে, আকর্ষন ধরে রাখে। এ একদম আয়েস করে কোন মেঘলা দুপুরে চায়ের কাপের সঙ্গী, আবার রাতের আঁধারেও বেড ল্যাম্প এর আলোতে মেলে ধরার যোগ্যতা রাখে।

এই গল্প শেষ হয়েও হয় নি। এটা প্রথম পর্ব। আশা থাকবে যে প্লট লেখক তৈরি করেছেন, পরের পর্বে যেন যথাযথ জাস্টিস হয়।


পরের পর্বের অপেক্ষায় আছি।

**************

বইঃ সূর্যতামসী
লেখকঃ কৌশিক মজুমদার
রেটিংঃ ৪/৫

**************


#সাহিত্যানুশীলন #সূর্যতামসী #bookworm #koushikmojumdar

বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

মারিবার হলো তার সাধ- সুস্ময় সুমন



একটা দীর্ঘ সময় লকডাউন এর জন্যে লাইব্রেরী ছিল বন্ধ। যখন খোলে, যথারীতি হামলা চালাই। এবং বাংলা বইয়ের তাকটা বোধহয় একাই খালি করি। নিজের কার্ড (কারণ ২৪টির বেশি আমাকে আর ইস্যু করছিলনা) এবং সুমি ভাবির লাইব্রেরীর কার্ড নিয়ে লোভীর মতন বগলদাবা করি মোট ৩০ টির মতন বই। এর মধ্যে একখানা হচ্ছে "মারিবার হলো তার সাধ।"


সুস্ময় সুমন এর সাথে পরিচয় এই বইয়ের দ্বারা। "আঁধারের জানালাটা খোলা" এবং "যে ছিল অন্তরালে" এই দুটোও জোগাড় করেছি, লাইনে আছে। সে যাক গে, এই বইয়ের একটু আভাস শুধু শেয়ার করেছিলাম। থ্রিলার প্রেমীদের সাড়া পাই সঙ্গে সঙ্গেই। প্রথম পূর্বাভাস এর পাতাতেই লেখক লেখেন, "প্রিয় পাঠক, হাত-পা গুটিয়ে বসুন। শুরু হতে যাচ্ছে শ্বাসরুদ্ধকর কু‍‍‌ৎসিত এক প্রতিশোধের গল্প"। আমি সত্যিই একটু জমিয়ে বসি।

গল্পের গতি সাবলিল, চমৎকার, গ্রিপিং টাইপ। ক্লাইমেক্স এর জন্যে একদম শেষ অবধিই অপেক্ষা করতে হয়েছে। নৃশংসতার দৃশ্যগুলো আসলেই ভয়াবহ। মানুষের মনের অন্ধকার জগত, অসুস্থ মানসিকতা সত্যিই এমন ভয়াবহ হয়। পড়ার সময় মনে হয়েছিল, একসময় কেউ বোধহয় জিজ্ঞেস করেছিল আমায়, ভুতের ভয় আছে কি না আমার। উত্তর ছিল, আমি ভুতের চেয়ে বেশি "মানুষ"কে ভয় পাই! কারণ একটি মানুষ, আরেকটি মানুষকে ঠান্ডা মাথায় ১৬/১৭ টুকরো করতে পারে!


লেখকের এখন পেশা নাটক নির্মাণ। আমি বোধহয় এখনো তার কোন নাটক দেখেনি। কিন্ত ভালো লাগবে, উনি যা লিখেছেন এই বইয়ে, এইরম কাহিনী দিয়েই চমৎকার ওয়েব সিরিজ বাংলাদেশে নির্মাণ সম্ভব। মনে মনে তো কাস্টিংও করা হয়ে গিয়েছে আমার। গল্পে "তাহিতির" চরিত্রটি শেষ অবধি ... থাক স্পয়লার দেয়া ঠিক হবে না।


সুখ পাঠ্য অবশ্যই।


বই: মারিবার হলো তার সাধ
লেখক: সুস্ময় সুমন
পৃষ্ঠাসংখ্যা: ১৯০
রেটিং: ৪/৫

#সাহিত্যানুশীলন

গিলগামেশ- জাহিদ হোসেন

"যা চলে গেছে, তা কি কখনো আর ফিরে আসে?"
ঈশ্বরের মুখোশ" এর দ্বারা পরিচয় এই লেখকের সাথে। লেখক বলেই নিয়েছেন মহাকাব্যের পরিনতি ঘটতে যাচ্ছে, ছোট খাটো এক উপাখ্যানে, কাজেই অল্পতেই খেল খতম টাইপ কিছুই নেই। এবং সেটা দেখিয়েছেনও।

কাহিনীর গতি হঠাতই মনে হবে, কোথাও একদম পাল্টে গেল, কিন্তু নাহ। সুত্রপাত এর সাথে মধ্যখানের সংযোগ সাংঘাতিক ছিল। ফ্ল্যাশব্যাক ছিল দূর্দান্ত।

শেষের দিকে মনে হলো একটু কেমন জড়িয়ে যাচ্ছে। কিন্তু খারাপ লাগা বিন্দুমাত্র ছিলনা। সাসপেন্স ছিল, ছিল থ্রিলার, ভয়াবহতা। মিথোলজির মিশেলতো এক অন্য দুনিয়াতে নিয়ে যায়, যার ছাপ আমার এডিটেড বুকোগ্রাফিতে স্পষ্ট।

"লুপ্ত ধর্মাচার" জর্জ লুকাসের বই গুগল করে অস্থির, যার রেফারেন্স লেখক দিয়েছেন তার বইতে। কিন্ত ঘেঁটে দেখার পর জানতে পারলাম এটি নেহাতই তার কল্পনাপ্রসুত। মানে সেইই পর্যায়ের। এর জন্যেই রেটিং বাড়িয়ে ৫/৫ দিতে একটুও দ্বিধা করিনি। 

সৈয়দ শাহ ফতেহ গিল, জাদুকর কর্নেল কালাহান, দুটি দারুন চরিত্র।

"চোখের বদলে নিকষ কালো আঁধার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে", কেমন একটা অদ্ভুত ভয় লাগা অনুভূতি।

এই সর্তকবার্তা সক্কলের জন্যেই...

"মনে রেখো গিলগামেশ, শিকারও একসময় শিকারীতে পরিনত হয়, আর শিকারী শিকারে।"

সুখপাঠ্য নি:সন্দেহে।

বই: গিলগামেশ
লেখক: জাহিদ হোসেন
পৃষ্ঠাঃ ৪৬৪
রেটিং: ৫/৫



#সাহিত্যানুশীলন

বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

এক অপ্রেমিকের জন্য -- তসলিমা নাসরিন

এক অপ্রেমিকের জন্য-- তসলিমা নাসরিন


এই শহরেই তুমি বাস করবে, 
কাজে অকাজে দৌড়োবে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে, 
মদ খাবে, তুমুল হৈ চৈ করবে, রাত ঘুমিয়ে যাবে, তুমি ঘুমোবে না।

ফাঁক পেলে কোনও কোনও সন্ধেয় এ বাড়ি ও বাড়ি খেতে যাবে,
খেলতে যাবে,
কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারও শাড়ি
আমার আঙিনা পেরিয়েই কোনও বাড়িতেই হয়তো।

এ পাড়াতেই হয়তো দু’বেলা হাঁটাহাঁটি করবে,
হাতের নাগালেই থাকবে, হয়তো কখনও জানিয়েও দেবে আমাকে,
যে, কাছেই আছো,
কুঁকড়ে যেতে থাকবো, কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো
দেখা না হওয়ার যণ্ত্রণায়,
তবু বলবো না, এসো।
বলবো না, তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই, বা ভীষণ ব্যস্ত তুমি ইদানিং
তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি।

তোমার সঙ্গে আমার দেখা হবে না। 
বছর পেরোবে, তোমার সঙ্গে দেখা হবে না আমার, 
দেখা না হতে না হতে ভুলতে থাকবো 
তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল 

কী রঙের সার্ট পরতে তুমি, 
হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো, 
কথা বলার সময় নখ খুঁটতে, চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে, 
পা নাড়তে, ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে, জল খেতে কিনা, ভুলতে থাকবো। 
দেখা না হতে না হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে, 
অনেকগুলো বছর পেরিয়ে যাবে, 
তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। 
এক শহরেই, অথচ দেখা হবে না। 
পথ ভুলেও কেউ কারও পথের দিকে হাঁটবো না, 
আমাদের অসুখ বিসুখ হবে, দেখা হবে না। 
কোনও রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে, বইমেলায়, রেস্তোরাঁয়, কোথাও দেখা হবে না।

আরও অনেকগুলো বছর পর, ভেবে রেখেছি, 
যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলো নিয়ে সন্ধে ঢুকতে থাকবে 
আমার নির্জন ঘরে, 
যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখি 
এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারারাত-- 
তোমাকে মনে মনে বলবোই সেদিন, 
কী এমন হয় দেখা না হলে, 
দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না, 
কে বলেছে যায় না, দেখ, দিব্যি যায়! 
তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর, 
তাই বলে কি আর বেঁচে ছিলাম না? দিব্যি ছিলাম!

ভেবেছি বলবো, 
তুমি তো আসলে একটা কিছুই-না ধরনের কিছু, 
আমার আকাংখা দিয়ে এঁকেছিলাম তোমাকে, 
আমার আকাংখা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম, 
আমার আকাংখা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি 
তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি! 
অপ্রেমিককে না ছুঁয়ে, অনন্তকাল।

এক ফোঁটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে ধুয়ে দিতে পারে 
এতকালের আঁকা সবগুলো ছবি, 
তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল। 
তোমাকে নিশ্চিহ্ন করে দিতে পারে।

আমাকে একা বলে ভেবো না কখনো, তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে।

বুধবার, ১১ আগস্ট, ২০২১

"হার না মানা অন্ধকার"... তবুও বিশ্বাস করি আলোর জয়


লেখকের মুন্সিয়ানায় অভিভূত আমি। এটা লেখকের লেখা প্রথম পড়া বই। ক'টা দিন ধরেই হরর থ্রিলার ঘরানার কিছু খুঁজছিলাম, চমৎকার এক কথায়। ঐ যে বলেছিলাম, লাইব্রেরীতে গিয়েছিলাম হানা দেবার জন্যে, এটাকে সেখানেই পাই। 

"হার না মানা অন্ধকার"... ১ম পর্ব। ঈশ্বর বিশ্বাস করলে, অপশক্তিকেও স্বীকার করতে হয়। কাহিনী চলছে, দূর্দান্ত এবং মুন্সিয়ানা বলেছি এই জন্যে, এক কাহিনী থেকে লেখক নিয়ে গিয়েছে আরেক কাহিনীতে, এক জগতের কাহিনীর মধ্যে আরেক জগত চলে আসছে, মনে হচ্ছিল মূল কাহিনী বুঝি এটাই। একটুও বিরক্তি আসছিল না, বরং আগ্রহ বেড়েই যাচ্ছে, উত্তেজনায় ভাটা পরেনি, প্রত্যেকটা চরিত্রতের অঙ্কন যথাযথভাবে।

শেষের বেলার ঘটনার জন্যে প্রস্তুত ছিলাম না, পরে মনে হলো, তা তো হবেই, কারণ পরের পর্ব আসছে। ভাগ্যিস, লাইব্রেরীতে ২য় পর্বটাও ছিল, না হলে মাথা গরমটা থামাতে পারতাম না। দূরদেশে এখন এই ২য় পর্ব পাবোটাই বা কোথায়! আর অপেক্ষা বড্ড খারাপ জিনিষ।


"সত্য-কলাম" এর প্রকাশক রফিক শিকদার এর লিখিত উপাখ্যানগুলোতে হারিয়ে যাবেন, সময় ভালো কাটবে। ১০৯ পৃষ্ঠার, পরিসর কম, কিন্তু চমৎকার। ২য় পর্বটাও পড়ার আগ্রহ জাগবে, যেমন আমি এখন শুরু করব। 

********************

বই: হার না মানা অন্ধকার

লেখক: বাপ্পী খান

প্রকাশক: বাতিঘর, ফেব্রুয়ারী ২০১৯ ইং









সাহর- শাহরিয়ার খান শিহাব

#পাঠপ্রতিক্রিয়া: "বড় হুজুর বলেন, 'শয়তান কাউকে নিজের দলে আসতে বাধ্য করে না। করতে পারেও না, সেই ক্ষমতাও তার নাই। সে শুধু আহবান করে, ফ...